
নিজস্ব প্রতিবেদক,
গাইবান্ধা পুরাতন জেলখানা মোড় থেকে ইসলামিয়া শিক্ষালয় পর্যন্ত এল.এ কেস নং ০৩/২০২৩-২০২৪ এর অধীনে অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পুরাতন ব্রীজ রোডে স্থানীয় জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরাতন ব্রীজ রোড একটি বাণিজ্যিক এলাকা হওয়া সত্ত্বেও, এই এলাকার জনসাধারণকে ভূমি অধিগ্রহণের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। জেলার অন্যান্য বাণিজ্যিক এলাকায় ভূমি অধিগ্রহণে সঠিক মূল্য প্রদান করা হলেও, এই এলাকার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, স্থানীয় জনগণের জন্য তাদের এই ভিটেমাটিই জীবিকার প্রধান অবলম্বন। বর্তমানে যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা দিয়ে তাদের পক্ষে নতুন করে ঘরবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা অসম্ভব। তারা জেলা প্রশাসনের নিকট এ বিষয়ে সঠিক ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা তাদের দাবিসমূহ জানিয়ে জেলা প্রশাসন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

