
মোঃ পারভেজ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় এপেক্স ক্লাব অব আগ্রাবাদ ও বেস্ট বাংলা হজ্জ কাফেলার যৌথ উদ্যোগে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি ও বেস্ট বাংলা গ্রুপের চেয়ারম্যান এপেক্সিয়ান মোহাম্মাদ আবদুর রহিম খন্দকার। প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ। অনুষ্ঠানে মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আলীসহ এপেক্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে দ্বীনি শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইংরেজি ভাষা ও আধুনিক জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। একই সঙ্গে দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরেন তারা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দেশীয় মৌসুমি ফল বিতরণ করা হয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

