
সৌভিক পোদ্দার,
জলবায়ু পরিবর্তন, আজকের পদহ্মেপ,আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবস টি উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদহ্মিন করে একই স্হানে এসে শেষ হয়। র্যালি তে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিহ্মক, শিহ্মার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. নোমান হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইতোমধ্যেই বিশ্বব্যাপী দৃশ্যমান। প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং জীববৈচিত্র্যের ক্ষয় রোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, একটি বাসযোগ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি এবং সামাজিক পর্যায়েও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। বয়সভিত্তিক তিনটি ক্যাটাগরি তে একক ও যৌথ মিলিয়ে ১৩ (তের) জন এবং বিশেষ চাহিদা সম্পন্ন ক্যাটাগরি তে ৩ (তিন) জন বিজয়ী শিহ্মার্থী পুরষ্কার প্রদান করা হয়।

