
মোঃ হিমেল হোসেন-নওগাঁ :
আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে জেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় পুলিশ সুপার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশ পুলিশের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। তিনি জানান, রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ রথযাত্রার শোভাযাত্রার রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সম্মিলিত সহযোগিতাই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভিত্তি। রথযাত্রা উৎসব যাতে আনন্দঘন, নিরাপদ ও ধর্মীয় মর্যাদা বজায় রেখে উদযাপিত হয়, সে লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতারও প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, রথযাত্রাকে ঘিরে জেলা পুলিশের এ উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ।

