
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার :
অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার অঞ্চলের মাদক চক্রের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে র্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে।
কক্সবাজারের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলকে মাদকপাচারের রুট হিসেবে ব্যবহারকারী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে র্যাব-১৫ নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করতে র্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে গত ০৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১৫:৪০ ঘটিকায় হাজিরপাড়া সাকিনস্থ একটি বসত বাড়ীতে এক ঝটিকা অভিযান পরিচালনা করে।
র্যাবের আভিযানিক দলটির উপস্থিতি টের পাওয়া মাত্রই বাড়ীর ভেতর অবস্থান করা মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনী ভেদ করে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তারা একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে ধাওয়া করে ঘটনাস্থলেই ০১ জন নারী মাদক কারবারিকে অবরুদ্ধ ও গ্রেফতার করতে সক্ষম হয়। তবে সুকৌশলে তার অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত নারী আসামির ঘর ও ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রামটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লক্ষ ১০ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কোটি টাকার ঊর্ধ্বে। উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হাজিরপাড়া ওয়াপালং (০৬ নং ওয়ার্ড, রাজাপালং ইউপি) মৃত আবুল কালামের মেয়ে শাকিলা শারমিন রেশমী(২২) মোহাম্মদ ইদ্রিস এর স্ত্রী।
গ্রেফতারকৃত মাদক কারবারি শাকিলা শারমিন রেশমীর বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার সরাসরি জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করতঃ নিয়মিত এজাহার দাখিলপূর্বক উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এই অঞ্চলে মাদকের বিষাক্ত থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এই চক্রের মূল হোতা ও পলাতক আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-১৫ এর চিরুনি অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
—-স্বাক্ষরিত—-
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক

