
মাসুম বিল্লাহ, খুলনা:
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বেলা ১টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাবের মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটার উপস্থিত হয়ে ভোট দিয়েছেন, যা শতকরা হিসেবে প্রায় ৯৭ শতাংশ।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি: দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক: দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধক্ষ: বিমল সাহা ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।নির্বাহী সদস্য পদের লড়াইয়ে বিজয়ী হয়েছেন ছয়জন প্রার্থী। তারা হলেন, মাকসুদূর রহমান (১০৭ ভোট), কাজী মোতাহার রহমান (৮৮ ভোট), মহেন্দ্র নাথ সেন (৮৬ ভোট), মো. আনিস উদ্দিন (৮৩ ভোট), সোহেল মাহমুদ (৮৩ ভোট), কে এম জিয়াউস সাদাত (৮৩ ভোট)
নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে প্রেসক্লাব চত্বরে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। ভোটার ও প্রার্থীরা এই সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় ক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিশনাররা জানান, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাংবাদিকরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন।

