
আল মুজাহিদ ,
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কর্মসূচিকে ঘিরে বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ, দুঃশাসন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূর্ণ বাস্তবায়ন হয়নি। তাই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কোনো অজুহাতে এ দাবি উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নেমে তাদের ন্যায্য অধিকার আদায় করবে।”
তিনি আরও বলেন, “যারা জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দমন-পীড়ন ও বৈষম্যমূলক শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক হারুন আর-রশীদ, মাওলানা নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট আবিদুর রহমানসহ উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক আন্দোলন। তারা গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ কার্যকর করা প্রয়োজন। একই সঙ্গে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঝিকরগাছা বাজার ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

