
নিজস্ব প্রতিবেদক:
কর্ণফুলী নদীতে ‘এফ ভি দেশ’ ফিশিং জাহাজের ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ন্যায্য বিচার, ক্ষতিপূরণ এবং উন্নত চিকিৎসার দাবিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচিতে নিহতদের স্বজন, সহকর্মী, জাহাজ শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে নিহত গ্রিজার মো. রুবেল ও শাহ আলমের পরিবারের জন্য মালিকপক্ষকে প্রতি পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, নিহতদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে তাদের রেখে যাওয়া ছোট ছোট সন্তানদের শিক্ষা, ভরণ-পোষণ ও জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

