
দীপক শর্মা
ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড বাজার এলাকায় প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ট্যাবলেট বিক্রির অভিযোগে এক ফার্মেসি মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১ জুলাই) দুপুরে বাসস্ট্যান্ড বাজারের স্বপ্ননীল ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দোকানটির মালিক সুবেন্দ্র বর্মন চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ট্যাবলেট ট্রিপটিন বিক্রি করছিলেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ও এলাকাবাসী সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করেন।
স্থানীয় যুবকদের দাবি, ওই ঘুমের ট্যাবলেট কিছু ব্যক্তি মাদক হিসেবে অপব্যবহার করতেন। তাদের অভিযোগ, প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ওষুধ সহজলভ্য হওয়ায় তরুণদের মধ্যে এর অপব্যবহার বাড়ছিল। এছাড়া তাদের অভিযোগ, সুবেন্দ্র বর্মন দীর্ঘদিন ধরেই প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ঘুমের ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। এ কারণেই তারা তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার দাবি জানান।
পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সুবেন্দ্র বর্মনের কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়।

