
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় নেওয়া হয় এবং ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, তিনি হাসপাতালের শয্যায় অসুস্থ অবস্থায় শুয়ে আছেন এবং হাতে ক্যানুলা লাগানো রয়েছে।
তার অসুস্থতার খবর গাইবান্ধায় পৌঁছালে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
এদিকে, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তার আকস্মিক এই অসুস্থতায় সংশ্লিষ্ট মহলে সমবেদনা জানানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো জনসেবায় ও দলীয় কার্যক্রমে ফিরতে পারেন।

