
তাওহীদুল ইসলাম,
পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ, সবজির বীজ, ফলদ ও বনজ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “কৃষিই দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে পারলেই দেশ আরও সমৃদ্ধ হবে।” তিনি বলেন, কৃষক যেন বীজ, সার বা কৃষি উপকরণের অভাবে চাষাবাদ থেকে পিছিয়ে না পড়েন, সে লক্ষ্যেই সরকার নিয়মিত কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি, কৃষি ব্যয় কমানো এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষির উন্নয়নে সরকারের প্রতিটি উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ১ হাজার ৫০৫ জন কৃষকের মাঝে লেবুসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা এবং ৩৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে।
তিনি জানান, কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় মোট ৫ হাজার ৮৫৫ জন কৃষক সরাসরি উপকৃত হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রেদোয়ান তালুকদার জুনিয়র, কৃষি অফিসার মো. ফোরকান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

