
আল মুজাহিদ
যশোরের ঝিকরগাছা উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ৩০ জুন( মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্মৃতি (২২) উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা এবং আশিকুরের স্ত্রী। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত স্মৃতি ও তার পরিবারের অভিযোগ, একই এলাকার আতিয়ার (৪০) দীর্ঘদিন ধরে স্মৃতিকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। স্মৃতি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভে আতিয়ার তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে পূর্বের বিরোধের জের ধরে আতিয়ার স্মৃতির ওপর হামলা চালান। এ সময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আতিয়ারের স্ত্রী রাবিয়া (৩০)ও সেখানে যোগ দেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে আতিয়ার ধারালো দা দিয়ে স্মৃতির বাম হাতে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত স্মৃতিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

