
তাওহীদুল ইসলাম ,
পটুয়াখালীর বাউফলে অপসাংবাদিকতা প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে “অপসাংবাদিকতা রোধে করণীয়” শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকু রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অতুল পাল, আল মামুন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দীন এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি. এম. মশিউর রহমান মিলন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, এম. এ. বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বক্তারা বলেন, তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, জবাবদিহিতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। শেষে সাংবাদিক সমাজের ঐক্য, দায়িত্বশীলতা ও পেশাগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

