
আসাদুল্লাহ হাদিস
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায় দিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
জানা যায়,দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যান কাকনহাটি নবী হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমুল হক।
মঙ্গলবার বিকেলে, বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
প্রিয় শিক্ষককে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন।
বিদায়ী বক্তব্যে আজমুল হক বর্ণাঢ্য কর্মজীবনের নানান স্মৃতি স্মরণ করে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত প্রাইভেটকারে করে বিদায়ী এই শিক্ষককে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ,
বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও ময়মনসিংহের প্রাক্তন সিভিল ডাঃ মোঃ ইলিয়াস,উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টু, কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ বজলে রব, ইত্তেফাক প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, খবরের কাগজ প্রতিনিধি ফয়সল আহমেদ,দৈনিক জন জাগরণ উপজেলা প্রতিনিধি আসাদুল্লাহ হাদিস, বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি মাহমুদুল শুভ প্রমুখ।

