
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সাক্ষাৎকালে নিহতের স্ত্রী স্বামীর মৃত্যু ও শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে নেতারা তার খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সারজিস আলম বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার পুনরাবৃত্তি বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে প্রাণহানি কোনোভাবেই স্বাভাবিক নয়। এ ধরনের ঘটনা বন্ধে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। পরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা।

