
মোহাম্মদ জনিরুল ইসলাম-কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দৌলতপুর থানায় অপমৃত্যু সংবাদ প্রদান করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি রাজধানী মুড় এলাকায় বসবাসকারী মো. মজনু হোসেনের মেয়ে আইরিন নাহার (বৈশাখী) (২৩) গত ২৩ জানুয়ারি রাতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ হিসেবে উদ্ধার হন। নিহত বৈশাখী দৌলতপুর উপজেলার ভাগজত গ্রামের মো. শ্যামল মণ্ডলের স্ত্রী।
নিহতের বাবা মো. মজনু হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে তার মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। খবর পেয়ে তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈশাখীর মরদেহ দেখতে পান।
ঘটনার পর দৌলতপুর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা (করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

