
মোঃ তরিকুল ইসলাম খান ,
কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম, যা স্থানীয় জনমনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১২ থেকে ১৩ জন। উপস্থিত লোকজনের তুলনায় সংবাদকর্মীর সংখ্যাই বেশি ছিল বলে অনেকে মন্তব্য করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে “ইনকিলাব জিন্দাবাদ” এবং “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর” স্লোগান দুটি বিশেষভাবে শোনা যায়।
স্থানীয় কয়েকজনের দাবি, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর যে আবেগ ও জনসমর্থনের ঢেউ দেখা গিয়েছিল, বর্তমানে তার অনেকটাই কমে গেছে। ফলে রাজনৈতিক কর্মসূচিতে আগের মতো সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে না। এমনকি বিভিন্ন কর্মসূচিতে লোকসমাগম ঘটানোও এখন অনেক দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তারা মনে করেন।
তবে এনসিপির নেতারা দাবি করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

