
সাকিব হাসান নাইম (দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ জুন ২০২৬ তারিখ রাত ৭টা ১০ মিনিটে বিরামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ স্বপন হোসেন (৩৩), পিতা- রিয়াজুল ইসলাম (শিয়ালু), সাং- চকপাড়া, বিরামপুর, দিনাজপুরকে তার নিজ বাড়ি থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
অপরদিকে একই দিন বিকাল ৫টায় শিমুলতলী এলাকার তপন মহন্তের লিচু বাগানে অভিযান চালিয়ে শ্রী গৌতম কুমার মহন্ত (৪২), পিতা- মৃত গগন চন্দ্র মহন্ত এবং এনামুল হক (৩৫), পিতা- মৃত রমজান আলীকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে পৃথক ২টি মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে মাদকসেবনের অভিযোগে মোঃ রাসেদ মাহমুদ (২৭), পিতা- মোঃ দীন মোহাম্মদ, সাং- পূর্বপাড়া, বিরামপুরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

