
মোঃ পারভেজ ,
চট্টগ্রামের পটিয়া উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর দ্বিতীয় খেলায় বড়লিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ৩-১ গোলের ব্যবধানে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবদুল মান্নান তালুকদার। উদ্বোধক ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাবিব উল্লাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইকবাল সিকদার সুমন, ক্যাপ্টেন আবু তৈয়ব, সাজ্জাদ হোসেন রুবেল, শাহ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বড়লিয়া ইউনিয়ন। নির্ধারিত সময় শেষে তারা ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এবং টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয়। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

