
আল মুজাহিদ,
যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি কায়িস আহম্মেদ রিমুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে শহরের শেখহাটা বাবলাতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কায়িস আহম্মেদ রিমুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ইন্সপেক্টর মমিনুল হক জানান, “কায়িস আহম্মেদ রিমুর বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে কোতোয়ালি থানায় আনা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

