
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর জয়পাশা এলাকার দীর্ঘদিনের ভোগান্তির কাঁচা রাস্তার উন্নয়নকাজের টেন্ডার সম্পন্ন হলেও এখনো শুরু হয়নি মূল কাজ। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত কাজ শুরু না হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, মসজিদগামী মুসল্লিসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর জয়পাশা এলাকার গুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। বৃষ্টি হলেই সড়কজুড়ে কাদা ও পানি জমে পড়ে, কোথাও কোথাও পানি হাঁটু পেরিয়ে কোমর পর্যন্ত ওঠে। এতে রোগী বহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষদের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত।
এলাকাবাসী জানান, সড়কটির উন্নয়নকাজের জন্য টেন্ডার সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুই মাসের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে আর দেরি হলে দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে মূল কাজ শুরু করে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খাঁন খসরু বলেন, “মাননীয় সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম শকু মহোদয়ের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এলাকাবাসীর দুর্ভোগের কথা তাঁকে জানানো মাত্রই তিনি বিশেষ তহবিল থেকে সাময়িক মেরামতের জন্য কিছু অর্থ প্রদান করেছেন। সেই অর্থ দিয়ে আপাতত সড়কটি চলাচলের কিছুটা উপযোগী করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “আমি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানসহ দায়িত্বশীল সকলের কাছে দ্রুত সময়ের মধ্যে মূল কাজ শুরু ও সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, কারণ তিনি মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সাড়া দিয়েছেন।”
ভুক্তভোগী এলাকাবাসীও সাময়িক সংস্কারের উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তাদের জোর দাবি, সাময়িক মেরামত নয়—দ্রুত পূর্ণাঙ্গ কাজ শুরু করে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে, যাতে বছরের পর বছর ধরে চলা এ জনদুর্ভোগের অবসান ঘটে।

