
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দক্ষিণখানে স্থানীয় মুরব্বি ও জনসাধারণের সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
বৈঠকে স্থানীয় জনগণ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, গ্যাস সংকটসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবিদাওয়া তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আসন্ন নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে আমরা একটি সমৃদ্ধ ঢাকা-১৮ আসন গড়ে তুলবো- যেখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। রাস্তাঘাটসহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপি’র আহবায়ক মনির হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সবুজ।

