
আল মুজাহিদ
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিএম (বকশী মডেল) খেলার মাঠে আধুনিক ও দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল এমপি।
রবিবার (২১ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে স্টেজ নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় মাঠে উপস্থিত স্থানীয় ক্রীড়াবিদ, শিক্ষক, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিকরগাছার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র বিএম মাঠে একটি স্থায়ী ও নান্দনিক স্টেজের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। নতুন এই স্টেজ নির্মিত হলে বিভিন্ন জাতীয় দিবস, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজন এবং সামাজিক কর্মকাণ্ড আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে আয়োজন করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক নাজমুল আলম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএম হাইস্কুলের অভিভাবক সদস্য মুরাদুননবী মুরাদ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান মুন্না, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু হাসান, বাফুফের সাবেক রেফারি ইকরামুল ইসলাম ইকু, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহানুর কবির হ্যাপি, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান আলো, কৃতি ফুটবলার কৃষ্ণপদ, যশোর জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের ম্যানেজার আহমেদ রেজা সজিব, সাবেক যশোর জেলা ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার, ক্রীড়া সংগঠক রুহুল আমিন, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
উপস্থিত ক্রীড়া সংগঠক ও স্থানীয়রা আশা প্রকাশ করেন, স্টেজ নির্মাণের মাধ্যমে বিএম মাঠের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি ঝিকরগাছার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হবে। এছাড়া মাঠকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম হবে বলে তারা মনে করেন।

