
মার্শাল হাসান,
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মাঝুখানে উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৯ জুন ২০২৬ তারিখে মোয়াজ্জেম ফাইটার কারাতে একাডেমির আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে একটি বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক গ্র্যান্ড মাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান করেন এবং মার্শাল আর্ট চর্চার মাধ্যমে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একজন সুস্থ, সবল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেম ফাইটার কারাতে একাডেমির প্রশিক্ষক মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মার্শাল আর্ট প্রশিক্ষক আবু সাঈদ, সাংবাদিক ও মার্শাল আর্ট প্রশিক্ষক মার্শাল হাসান, মার্শাল আর্ট প্রশিক্ষক শহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি একটি আদর্শিক ও শৃঙ্খলাভিত্তিক শিক্ষা, যা তরুণদের সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

