
মোঃ পারভেজ
পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ১৭টি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের অংশগ্রহণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকেলে শোভনদন্ডী আরাফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান, মো. ঈসমাইল, বাবর ফারুকী, আরাফা করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদুল শফি হিরো, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, হাফেজ আহমদ, ইউসুফ রশিদী বেলাল, আবদুস ছাত্তার, নাজিম উদ্দিন, মো. তারেক, খোকন মেম্বার, জামাল উদ্দিন, আবদুস সবুর, আবু জাফরসহ শোভনদন্ডী শহীদ জিয়া স্মৃতি সংসদের জাহেদুল ইসলাম, রাসেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুদ্দিন মাসুদ, সদস্য সচিব ফরহাদুল ইসলামসহ ১৭ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উদ্বোধনী খেলায় শোভনদন্ডী শহীদ জিয়া স্মৃতি সংসদ ১–০ গোলে কুসুমপুরা শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে।
প্রধান অতিথির বক্তব্যে মইনুল আলম ছোটন বলেন, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি”—খেলার মাধ্যমে পারস্পরিক মৈত্রী গড়ে ওঠে। পাশাপাশি তিনি পটিয়াকে একটি ক্রীড়া বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম–১২ আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

