
মুহাম্মাদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলার আজাদ মোড় এলাকায় উপজেলা শাখার উদ্যোগে পদযাত্রা শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা শাখার সমন্বয়ক ও এনসিপি মনোনীত পৌর মেয়র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল মেহরাজ শাহরিয়ার মিথুন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং দলের সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।
এ সময় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা পদযাত্রা ও সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যমান বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, জনগণের দাবি-দাওয়া গণতান্ত্রিক উপায়ে তুলে ধরা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ওপরও নেতারা গুরুত্বারোপ করেন।

