
মোহাম্মদ পারভেজ,
চট্টগ্রামের পটিয়া উপজেলার মহিরা গ্রামে ঐতিহ্যবাহী মহিরা ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে মহিরা-হিখাইন জে.বি. প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় গ্রামের সার্বিক পরিস্থিতি, ঐক্য পরিষদের বর্তমান অবস্থা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
জানা যায়, মহিরা গ্রামের জনসাধারণকে ঐক্যবদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রায় ৪০ বছর আগে মহিরা ঐক্য পরিষদ গঠিত হয়। দীর্ঘদিন ধরে সংগঠনটি গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মহিরা ঐক্য পরিষদের সভাপতি রনজিত কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সঞ্জয় সরকার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোদুল সরকার। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন সুধীর চৌধুরী। এসময় প্রয়াত শিক্ষক অজিত কুমার আইচ, দুলাল মল্লিক এবং প্রয়াত অ্যাডভোকেট বাবুল সরকার-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে নিখোঁজ মৃদুল মল্লিককে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
সভায় বক্তব্য রাখেন অজিত চৌধুরী, সুজিত গুপ্ত নান্টু, সম্ভু বিশ্বাস, অশোক বিশ্বাস, মিলন মল্লিক, প্রদীপ মল্লিক, কাজল চৌধুরী, পুলক মল্লিক, বাসু মল্লিক, রাজেশ দেবনাথ, রতন নাথ, বিমল গুপ্ত, প্রবীর বিশ্বাস বাপ্পা, মিলন গুপ্ত, লিটন মালাকার, দুলাল নাথ, মাখন নাথসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, জিরি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. মামুন এবং জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মো. এয়াকুব আলী।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে যাঁর নেতৃত্বে মহিরা ঐক্য পরিষদ পরিচালিত হয়ে আসছে, তাঁকে বাদ দিয়ে গ্রামের মানুষের মতামত ছাড়াই একটি মহল নিজেদের মতো করে কমিটি গঠন করেছে। এ ধরনের একতরফা সিদ্ধান্ত ও পকেট কমিটি মহিরাবাসী মেনে নেবে না বলে তারা মন্তব্য করেন।
তারা আরও বলেন, গ্রামের ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে সকলের মতামতের ভিত্তিতে রনজিত কুমার চৌধুরীকে সভাপতি রেখে মহিরা ঐক্য পরিষদ পুনর্গঠন করা হবে। পরে গ্রামবাসীর অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

