
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার)
জীবিকার সন্ধানে প্রবাসে পাড়ি দেওয়া কুলাউড়ার তরুণ লিফন মিয়ার জীবনাবসান হলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। কাতারে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
নিহত লিফন মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিণ সিংহনাদ গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুল আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুন সকালে কাতারের একটি সড়কে দুর্ঘটনার শিকার হন লিফন মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার জীবন রক্ষার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। গ্রামের মানুষও প্রবাসী এই যুবকের অকাল মৃত্যুতে গভীর বেদনা প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবার জানায়, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মরদেহ দেশে পৌঁছার পর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
পরিবারের একমাত্র ভরসা হিসেবে পরিচিত লিফন মিয়ার এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। প্রবাসজীবনের সংগ্রামের মধ্যেই তার এমন করুণ পরিণতি এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

