
মোঃ হাসান আলী
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলস্টেশন সংলগ্ন শিমুলিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাসির (নেয়ামুল বাশার) নামে এক কলেজ প্রভাষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নেয়ামুল বাসির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি শিমুলিয়া মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সহঃ সাধারণ সম্পাদক এবং একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ ইউনিয়নের কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যা ৭টার দিকে তিনি আত্রাই রেলস্টেশন এলাকা থেকে স্ত্রীকে মোবাইল ফোনে জানান যে তিনি নওগাঁ গিয়ে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকেই তার মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোনে রিং হলেও তিনি কল রিসিভ করেননি।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, রাতভর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে খবর পেয়ে শিমুলিয়া এলাকায় গিয়ে তারা নেয়ামুল বাসিরকে মৃত অবস্থায় দেখতে পান। বিশেষ করে মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আত্রাই থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় নিহতের পরিবার হত্যার অভিযোগ তুলেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে।

