
মোঃ হাসান আলী
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রোববার (১৪ জুন) বিকেল ৩টায় উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাদক কারবারের অভিযোগে মো. শাহিন(২৬) ও তার স্ত্রী মোছাঃ আয়েশা আক্তার(২১)-কে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় পলাতক আসামি মোঃ আলিমুদ্দিন(৫০) ও মোঃ সৈয়দ (৬০)-এর বাড়ি এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এছাড়াও দেশীয় মদ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সরঞ্জাম জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

