
দীপক শর্মা-ঠাকুরগাঁও
মরহুম মো. দবিরুল ইসলামের জানাজায় অংশগ্রহণের জন্য তার ছেলে এবং একই আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজনকে শনিবার (৩০ মে) কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষের অনুমোদনের পর দিনাজপুর কারাগার থেকে তিনি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ডাঙ্গী বাজার এলাকায় পৌঁছান। সেখানে তিনি বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন।
পরিবারের সদস্যরা জানান, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। দীর্ঘ সময় পর এলাকায় তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পরিবারের সদস্যদের পাশাপাশি অসংখ্য শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মহলে শোকের আবহ বিরাজ করছে।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাবন্দী রয়েছেন সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন। বাবার শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ করে দিতে তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
বাবার জানাজাকে কেন্দ্র করে এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জানা যায় কার্যক্রমের সময় স্বজন রাজনৈতিক নেতাকর্মী শেষ শ্রদ্ধা জানান

