
নিজস্ব প্রতিনিধি :
গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের অংশ গ্রহণ , জবাবদিহিতা এবং ক্ষমতার সুষম বণ্টন। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের সকল নেতাকর্মীদের সুযোগ তৈরি করে দিতে এক নেতার এক পদের বিকল্প নেই। একটি সুস্থ ও কার্যকর রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে “এক নেতা, এক পদ” নীতির বাস্তবায়ন আজ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের অর্থাৎ তৃণমূল নেতাকর্মীদের আওয়াজ অব্যাহত থাকবে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত।
একজন ব্যক্তি যখন একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তখন ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ঘটে। এর ফলে নতুন নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হয় এবং রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হতে পারে। “এক নেতা, এক পদ” নীতি বাস্তবায়িত হলে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ হবে, তরুণ ও যোগ্য নেতৃত্বের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।
একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে এমপি ও মন্ত্রীদের পরিবারের সদস্যদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

