
মোঃ কামরুজ্জামান জুয়েল কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহল দল ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, পুশইন প্রতিরোধ এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পণ্যের চোরাচালানের চেষ্টা চলে আসছে। এসব অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবির ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছবি ক্যাপশন: কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় সিগারেটের চালান।

