
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশনায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত বড়লিয়া ও জঙ্গলখাইন ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন দলের নেতৃবৃন্দ।
শুক্রবার এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এবং তাঁর তত্ত্বাবধানে গঠিত পটিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম (PERT) বন্যাদুর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখে। এ সময় তারা পানিবন্দি মানুষের খোঁজখবর নেন, ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ, জরুরি প্রয়োজন, বসতবাড়ি ও কৃষিজমির ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়েও তাদের মতামত নেওয়া হয়।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি একটি মানবিক কর্তব্য। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত সরকারি সহায়তা পায়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দক্ষিণ জেলা সদস্য মীর মনছুরুল ইসলাম, উপজেলা সদস্য মোহাম্মদ আরজু, জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আশরাফুল ইসলাম তক্কীর, মো. রবিউল হাসান, আবদুল আলিম, মোহাম্মদ মিসকাত, জুলাই যোদ্ধা মো. আকরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটিয়া উপজেলা নেতৃবৃন্দ এবং পটিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম (PERT)-এর সদস্যবৃন্দ।
এনসিপি নেতারা জানান, বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তারা জানান।

