
নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে ২,৩১৬ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রকল্পটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৃহত্তর দিনাজপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বামনডাঙ্গা (গাইবান্ধা)-শঠিবাড়ী-আফতাবগঞ্জ (দিনাজপুর) (জেড-৫০১৩) জেলা মহাসড়কের ৬৪তম (অংশ), ৬৫তম (অংশ), ৬৬তম (অংশ), ৬৮তম (অংশ), ৬৯তম (অংশ) এবং ৭১তম (অংশ) কিলোমিটার সড়কাংশে ৩৫৬ মিটার সড়ক প্রশস্তকরণ এবং ২,৩১৬ মিটার নতুন সড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, সড়কটির উন্নয়ন ও সম্প্রসারণের ফলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে প্রকল্পের উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

