
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপের আমেজ গায়ে মেখে নিজের পুরো বাড়ি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়ে তুলেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া। প্রিয় দলের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা প্রদর্শনের বিষয়টি এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, রুবেল মিয়া তার বাড়ির সীমানা প্রাচীর ও ভবনের মূল অংশকে ব্রাজিলের পতাকার আদলে হলুদ-সবুজ রঙে রাঙিয়ে তুলেছেন। সীমানা প্রাচীরের দেওয়ালে পতাকার পাশাপাশি ব্রাজিল দলের তারকা খেলোয়াড়দের ছবিও অত্যন্ত যত্ন সহকারে ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে রুবেল মিয়া তার বাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকাও অংকন করেছেন, যা স্থানীয়দের কাছে প্রশংসিত হচ্ছে।
ছোটবেলা থেকেই ব্রাজিল দলের পাঁড় ভক্ত রুবেল মিয়া।
তিনি জানান, দলের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছেন। রুবেল মিয়া বলেন, “ব্রাজিলের খেলা আমার ভীষণ পছন্দ।
ছোটবেলা থেকে আমি ব্রাজিল সাপোর্ট করি। আর সেই ভালোলাগা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেওয়াল ব্রাজিলের পতাকার আদলে রঙ করিয়েছি এবং প্রিয় খেলোয়াড়দের ছবি আঁকিয়েছি।”
বাড়ির এমন নান্দনিক সাজসজ্জা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এমনকি ব্রাজিল ছাড়া অন্য দেশের সমর্থকরাও বাড়িটির শৈল্পিক কাজের প্রশংসা করছেন। রুবেল মিয়া জানান, গত ১৬ দিন ধরে বাড়িতে রঙ ও সাজসজ্জার কাজ চলছে এবং এখন তা প্রায় শেষ পর্যায়ে। পুরো বাড়ি সাজাতে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে।
বিশ্বকাপের উত্তেজনার মাঝে আখাউড়ার এই ব্রাজিলভক্তের কর্মকাণ্ড ফুটবলপ্রেমীদের মাঝে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।

