
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মিয়া স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফেরদৌস মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসচালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাপলা বেগমকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত চালকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

