
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগ করেন, গত ৬ এপ্রিল রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামে স্থানীয় ভূমিদস্যুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় ৩ জন গুরুতর আহত হন, যাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলার ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশি তদন্তে ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা এলাকাবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এলাকাবাসীর অভিযোগ, কেবল বড় মহানন্দপুর গ্রামেই নয়, এর আগে শ্রীমণি এলাকাতেও একই সন্ত্রাসীদের দ্বারা ঘরবাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললেও প্রশাসনের নির্লিপ্ততায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।
মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “আমরা প্রশাসনকে আহ্বান জানাই, কালক্ষেপণ না করে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”
এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে এলাকাবাসী আজ স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

