
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারি :
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের আরাজি কাঠালি ৩ নম্বর ওয়ার্ডে এক নারীর ওপর দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) খুটামারা ইউনিয়নের স্থানীয় জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত স্বপন মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী নাছিমা বেগম জানান, তার স্বামী মিজানুর রহমান প্রায় পাঁচ বছর আগে মারা যান। এরপর তিনি দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন। এর মধ্যে তার এক সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এবং অপর সন্তান বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে শার্ফ খামার বাড়ি, টেংগনমারী শাখার নাইট গার্ড স্বপন মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন নাছিমা বেগম। অবশেষে গত শুক্রবার তিনি জলঢাকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত স্বপন মিয়া তার কর্মস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। অভিযুক্ত স্বপন মিয়া খুটামারা ইউনিয়নের বাসিন্দা এবং তার পিতার নাম মহির উদ্দিন কাল্টু।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন অসহায় বিধবা নারী ও ক্যান্সার আক্রান্ত সন্তানের দুর্বলতাকে পুঁজি করে এ ধরনের জঘন্য অপরাধ সমাজের জন্য ভয়াবহ বার্তা বহন করে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে জলঢাকা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

