
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক শীল (৩৫) নামে আরও একজন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পঙ্কজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে পঙ্কজ শীল ও তিলক শীল জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা টর্চলাইটের আলো ফেলে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন।
এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে দুজনই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীল মারা যান।
অপরদিকে তিলক শীলের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

