
মোঃ তাজুল ইসলাম :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর এবং বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকার গঠনের পর থেকে হারদী ইউনিয়নে রাজনৈতিক সংঘাতের জেরে শতাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে একাধিক পরিবারের বাড়িঘর ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। এসব ঘটনার কারণে অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে সংঘটিত এসব ঘটনার যথাযথ প্রতিকার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দাবি করেন, জেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটছে।
হারদী ইউনিয়নের অনেক বাসিন্দা, যারা কর্মসূত্রে দেশের বিভিন্ন শহরে বসবাস করেন, তারাও নিজ গ্রামে আসতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অবিলম্বে ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে হারদী ইউনিয়নে শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

