
মাসুম বিল্লাহ-খুলনা :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হুরে জান্নাত-কে খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (২৯ মার্চ, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর মাধ্যমে খুলনা জেলা তার প্রশাসনিক ইতিহাসে নতুন এক অধ্যায়ে পদার্পণ করল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে খুলনাসহ দেশের মোট ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন,রাজশাহী: কাজী শহিদুল ইসলাম (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়),চুয়াডাঙ্গা: লুৎফুন নাহার (উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়),খুলনা: হুরে জান্নাত (উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ),মাদারীপুর: মর্জিনা আক্তার (উপসচিব, অর্থ বিভাগ),ব্রাহ্মণবাড়িয়া: মো. আবু সাঈদ (উপপরিচালক, সরকারি প্রিন্টিং প্রেস),চাঁদপুর: আহমেদ জিয়াউর রহমান (উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ),হবিগঞ্জ: জি এম সরফরাজ (উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ),নরসিংদী: ইসরাত জাহান কেয়া (উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়),মেহেরপুর: শিল্পী রানী রায় (উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়),লালমনিরহাট: মুহ. রাশেদুল হক প্রধান (উপসচিব, বিদ্যুৎ উন্নয়ন বিভাগ),বান্দরবান: সানিউল ফেরদৌস (উপ-প্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প)
একই আদেশে বর্তমানে দায়িত্ব পালনরত ১১ জন জেলা প্রশাসককে সংশ্লিষ্ট জেলা থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। খুলনার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার-কেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, তিনি গত ১৮ নভেম্বর খুলনায় যোগদান করেছিলেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মাঠ প্রশাসনের শীর্ষ এই পদে বড় ধরনের রদবদল সরকারের প্রশাসনিক গতিশীলতা আনয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।
