
মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
”কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ জুন (সোমবার) দুপুর ১২টায় গলাচিপা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার বলেন, “কৃষিকে অর্থনির্ভর ও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে খাদ্য, পুষ্টি ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতেই মূলত এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।”
সম্মেলনে কৃষক জনগোষ্ঠীর স্বার্থ ও বিভিন্ন কৃষি সমস্যা নিয়ে আলোচনা করেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রাবন্তী মণ্ডল কৃষি বিষয়ক একটি তথ্যভিত্তিক মনোজ্ঞ গান পরিবেশন করেন। এরপর দু’জন সফল কৃষক ও কৃষাণী উপস্থিত অন্যান্য চাষিদের উৎসাহিত করতে নিজেদের সফলতার গল্প তুলে ধরেন।
কৃষিকে সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার খান, গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নেছার রাঢ়ীসহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি কৃষক কিশানিদের উদ্দেশ্যে বলেন, সনাতন বা প্রথাগত পদ্ধতি থেকে বের হয়ে কৃষিকে আধুনিক, বাণিজ্যিক ও লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করা। পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দানাদার ফসল, ডাল, তেলজাতীয় ফসল, ফল ও সবজির চাষ বাড়ানো এবং বিষমুক্ত নিরাপদ কৃষি চর্চায় উদ্বুদ্ধ হওয়।
সবশেষে দুপুর দেড়টায় সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক উপস্থিত কৃষক-কৃষাণীদের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ এর সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান।

