
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে গল্প বলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অনন্য গৌরব অর্জন করেছে খুদে শিক্ষার্থী এ.টি.এম রাহাছিন করিম আয়ান।
আয়ান নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী।
আয়ানের এই সাফল্যের পেছনে রয়েছে একটি সুশিক্ষিত পারিবারিক আবহ। সে নবীনগরের আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সবুজের সুযোগ্য সন্তান। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আয়ান আজ জেলা পর্যায়ে উপজেলার নাম উজ্জ্বল করেছে।
জেলা পর্যায়ের কড়া প্রতিযোগিতায় অত্যন্ত চমৎকার ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে গল্প বলা প্রতিযোগিতায় বিচারকদের মন জয় করে প্রথম স্থান (১ম) ছিনিয়ে নেয় আয়ান।
তার এই অসামান্য অর্জনে নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো উপজেলাজুড়ে আনন্দের হাওয়া বইছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সুধীজনদের পক্ষ থেকে আয়ান ও তার পরিবারকে অভিনন্দনের জোয়ারে ভাসানো হচ্ছে।
জেলা পর্যায়ের এই সাফল্যের পর আয়ানের পরিবার ও শিক্ষকমণ্ডলী অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে সে যেন আরও বড় পরিসরে তার এই মেধার স্বাক্ষর রাখতে পারে এবং দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য আয়ানের পরিবার ও বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের নিকট দোয়া ও শুভকামনা প্রত্যাশা করা হয়েছে।

