
আল মুজাহিদ-যশোর
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সমূহ তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন জমে থাকা পানি না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ, কেশবপুর থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

