
সাকিব হাসান নাইম-ঘোড়াঘাট (দিনাজপুর) :
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মা ও শিশু স্বাস্থ্যকল্যাণ কেন্দ্রে সংঘটিত চুরির ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মূল্যবান চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বুলাকিপুর মডেল মা ও শিশু স্বাস্থ্যকল্যাণ কেন্দ্রে গত ১০ মে ২০২৬ তারিখ রাতে দুর্বৃত্তরা অফিসের তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়।
পরদিন ১১ মে সকালে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে তিনটি কক্ষের তালা ভাঙা এবং জানালা খোলা দেখতে পান। পরে তারা অফিসের ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম ও চিকিৎসা উপকরণ খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল সিলিং ফ্যান, স্টেরিলাইজার ড্রাম, ফোর-বার্নার চুলা, বেবি ও অ্যাডাল্ট ওয়েট মেশিন, সাকার মেশিন, অটো গ্রাইন্ড মেশিন, টিউবওয়েল হেড, ওয়ান-বার্নার চুলা এবং বিভিন্ন বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।
ঘটনার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার (৫ জুন) ভোর ৬টা ৪০ মিনিটে ঘোড়াঘাট উপজেলার বরাতীপুর গ্রাম থেকে মো. নূর আলম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি অটো গ্রাইন্ড মেশিন, একটি সাকার মেশিন, চারটি বেবি ওয়েট মেশিন এবং একটি স্টিলের তৈরি স্টেরিলাইজার ড্রাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে নূর আলমের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮টার দিকে বরাতীপুর এলাকা থেকে অপর আসামী মো. শাকিরুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে চুরির ঘটনায় সংশ্লিষ্টতার যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াজিদ হোসেন জানান, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া উদ্ধার না হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামীরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজা মিয়া বলেন, “বুলাকিপুর মডেল মা ও শিশু স্বাস্থ্যকল্যাণ কেন্দ্রে সংঘটিত চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। দ্রুত অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার এবং ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

