
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নে একটি পুকুর থেকে দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকালে রসুল্লাবাদ দক্ষিণপাড়ার একটি পুকুরে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে দক্ষিণপাড়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় জমান। পরে সংবাদ পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত দেলোয়ারের স্থায়ী বাড়ি এলাকায় হলেও তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে চট্টগ্রামে বসবাস করতেন। স্থানীয়রা জানান, তিনি কিছুটা আধ্যাত্মিক ভাবধারার ছিলেন এবং বিভিন্ন সময় দেশের বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন:
”প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এটি কোনো দুর্ঘটনা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় রহস্যের দানা বেঁধেছে। স্থানীয় বাসিন্দারা এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

