
আল আমিন খান সানি-বারহাট্টা উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার কৃতি সন্তান ও তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা এজমল হোসেন পাইলট যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে পুরো জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে ‘নেত্রকোনার গর্ব’ হিসেবে অভিহিত করে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এজমল হোসেন পাইলট বলেন, “দলের শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষায় কাজ করে যাব। নেত্রকোনা তথা সারা দেশের যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমি প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকব।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এজমল হোসেন পাইলটের মতো একজন ত্যাগী ও সাহসী নেতার নেতৃত্বে নেত্রকোনা জেলা যুবদলসহ জাতীয় রাজনীতিতে এক নতুন গতির সঞ্চার হবে। তার সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা সংগঠনকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সমর্থকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অভিনন্দন আর শুভেচ্ছার বন্যা। সমর্থকরা বলছেন, “এজমল হোসেন পাইলট ভাইয়ের নেতৃত্বে সংগঠন পাবে নতুন গতি। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করি।”
নেত্রকোনার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, তার নতুন এই পথচলা দেশ ও জনগণের অধিকার আদায়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

