
মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ মো. জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।
তবে অভিযানের সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় কিশোরের বাবা মো. নাসির উদ্দীন (৫৩) নামে এক ব্যক্তি। আটক উভয়ের বাড়ি গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়ন ১নং ওয়ার্ড প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টা ২০ মিনিটে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হয় গোদাগাড়ী মডেল থানার একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর নদীর খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।
এসময় নদীর কিনারে থাকা একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। পরে কিশোর জিহান মোবারককে আটক করা সম্ভব হলেও অন্ধকারের সুযোগে নাসির উদ্দীন পালিয়ে যান।
পরে আটক কিশোরের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই (নিঃ) মো. রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক কিশোর ও তার বাবা নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে।
মামলা নম্বর: ১৫
তারিখ: ১৫ মে ২০২৬
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১ ধারা।
পুলিশ আরও জানায়, পলাতক আসামি নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা রয়েছে। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

