৩জুন ২০২৬, বুধবার সন্ধ্যা ৭টার দিকে, গাজীপুরের কালিয়াকৈরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর জেলা জজ কোর্টের এপিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নারীসহ তিনজনকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, মোবাইল ফোন ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মর্জিনা বেগম।
অভিযোগে বলা হয়, প্রায় দুই বছর আগে কলাবাঁধা এলাকার একটি ফ্যাক্টরি ক্রয়ের সময় মর্জিনা বেগম ও তার জা পারভীন বেগমকে ১৪ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে এখনও মর্জিনা বেগমের ৬ লাখ ৬০ হাজার টাকা ও পারভীন বেগমের ১ লাখ ৬৫ হাজার টাকা পাওনা রয়েছে।
গত ৩ জুন সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ও তার সহযোগীরা মর্জিনা বেগমকে মারধর করে এবং তার গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তার স্বামী আঃ লতিফ ও জা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, আঃ লতিফকে স্টিলের বেল্ট দিয়ে পিটিয়ে আহত করা হয় এবং তার জার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। একপর্যায়ে আঃ লতিফকে ফ্যাক্টরির ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। আহতরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ বিষয়ে অভিযুক্ত অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকের বক্তব্য পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।